মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সিসিইউতে

কুমিল্লা প্রতিনিধি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের দুই যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান দগ্ধ হয়েছেন।

তারা রাজধানীর উত্তরায় বসবাসরত ব্যবসায়ী ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির সন্তান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুরে যুদ্ধবিমানটি আছড়ে পড়লে তারা আহত হয়। পরে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাতে পরিবার জানিয়েছে, সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

সারিনা ও সাইবার বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘ঘটনার পরপরই আমরা স্কুলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাদের পাই। দেশবাসীর কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights