মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর হাসপাতাল ছাড়লো আবিদ

ঢামেক প্রতিনিধি
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লো ১১ বছর বয়সী শিক্ষার্থী আবিদুর রহিম। সে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার সকালে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে কিভাবে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে বিদায় দেন আবিদকে।

এ সময় চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। মেডিকেল টিম অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা দিয়ে আজ তাকে সুস্থ করে তুলেছেন। এখন থেকে সে আবার স্কুলে যেতে পারবে। গত বছর ২১ জুলাই থেকে দীর্ঘ ছয় মাস (১৮৩ দিন) অগ্নিযুদ্ধ করে ফিরে পেয়েছে স্বাভাবিক জীবন।

দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষ-২ এ প্রেস ব্রিফিংয়ে আবিদের চিকিৎসক অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম জানিয়েছেন, ১৮৩ দিনের মধ্যে তাকে ৩৫ বার অস্ত্রোপচার করা হয়েছে, ১০ বার স্কিন ড্রাফ্ট (চামড়া সংযোজন), ২৩ বার (ফ্যাসিওটমি) অঙ্গ-সংরক্ষণকারী অস্ত্রোপচার সহ প্রয়োজনীয় কার্যক্রম করা হয়। এর মধ্যে আইসিইউতে রাখতে হয়েছে ৫ দিন, এইচডিইউতে ৬ দিন ও বাকি সময়টুকু (১৭২ দিন) রাখা হয়েছে কেবিনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের বর্তমান পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম ও আবাসিক সার্জন শাওন বিন রহমান সহ সংশ্লিষ্ট চিকিৎসক বৃন্দ, সাংবাদিক ও আবিদের পরিবার।

আবিদের বাবা আবুল কালাম আজাদ বলেন, আজ আবিদকে নিয়ে বাড়ি ফিরব, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মোট ৫৭ জন রোগী এসেছিল, এর মধ্যে সর্বশেষ আবিদসহ ৩৬ জনকে বিভিন্ন সময়ে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে। মারা গেছে ২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights