মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
মাগুরা প্রতিনিধি
নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মাগুরা শহরের গৌতম ফল ফান্ডারে অভিযান চালিয়ে মজুদকৃত ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকালে শহরের পশু হাসপাতাল পাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামান জানান, খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী এই কারচুপির আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেছে।
ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছে, গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকার খেজুর কেনা হয়েছিল। তিনি ইতিমধ্যে ৮০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর বাজারে বিক্রি করেছেন।
