মাঝ-আকাশে হঠাৎ ঝাঁকুনি, হুট করেই ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়োজাহাজ
অনলাইন ডেস্ক
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে মাঝ-আকাশে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। আকাশসীমায় উড়তে উড়তে আচমকাই তীব্র ঝাঁকুনির মুখে পড়ে উড়োজাহাজটি। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হু হু করে প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে সেটি। মাঝ-আকাশে এমন আকস্মিক ও অনিয়ন্ত্রিত অবতরণের ধাক্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কোনো কিছু সামলে ওঠার আগেই ঘটে যায় এক বড়সড় অঘটন।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার ‘এআই২৩৭৯’ নম্বর ফ্লাইটে। মঙ্গলবার ফুকেট থেকে যাত্রা শুরু করার সময় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা সোয়া ১১টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা ছিল। তবে মাঝ-আকাশের এই বিভীষিকার পর কিছুটা বিলম্বে অবশেষে দিল্লির মাটিতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।
জানা গিয়েছে, ফ্লাইট চলাকালীন মাঝ-আকাশে হঠাৎই প্রবল ‘এয়ার-টার্বুল্যান্স’-এর কবলে পড়ে বিমানটি। উড়োজাহাজটিতে থাকা পাইলট অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তিনি যখন পরিস্থিতি সামলে ওঠেন, ততক্ষণে অনিয়ন্ত্রিতভাবে উড়োজাহাজটি অনেকটা নিচে নেমে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে উড়োজাহাজটি ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলে।
এমন আকস্মিক অবস্থান পরিবর্তন ও তীব্র ঝাঁকুনির ফলে বিমানের অভ্যন্তরীণ পরিবেশ মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে পড়ে। হঠাৎ ধাক্কায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং নিজেদের সামলাতে না পেরে আহত হন। এই ঘটনায় বিমানকর্মী ও যাত্রী মিলে অন্তত ১৪ জন জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
আকাশপথে উড্ডয়নকালে আবহাওয়ার গোলযোগ বা দুর্যোগের কারণে বিমান প্রায়শই এ ধরনের ‘এয়ার-টার্বুল্যান্স’-এর মুখে পড়ে। সচরাচর পাইলটরা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাত্রীদের সতর্ক করেন এবং সিটবেল্ট বেঁধে রাখার নির্দেশনা জারি করেন। তবে এই ক্ষেত্রে আগাম কোনো সতর্কবার্তা বা বার্তা জারি করা সম্ভব হয়নি, যার ফলে ক্ষতির মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
পরিস্থিতি গুরুতর বুঝে বিমানটি দিল্লিতে অবতরণের আগেই স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত অবগত করেন পাইলট। বার্তা পাওয়ামাত্রই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে সংলগ্ন এলাকায় জরুরি মেডিকেল টিম ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখে।
বিমানটি নিরাপদে নামার পরপরই চিকিৎসকরা দ্রুত বিমানের ভেতরে প্রবেশ করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এক বিমানকর্মী গুরুতর আঘাত পেয়েছেন এবং তাকে বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া আঘাতপ্রাপ্ত কয়েকজন যাত্রীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
