মাঠে মুখ ঢাকলেই লাল কার্ড দেওয়ার পক্ষে ফিফা সভাপতি

অনলাইন ডেস্ক

বর্ণবাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে ঘোষষা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বললে সেটিকে সন্দেহজনক হিসেবে ধরে নিয়ে সরাসরি লাল কার্ড দেখানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

সম্প্রীতি বর্ণবৈষম্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয় রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অভিযোগ ঘিরে। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে বেনফিকার ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে দাবি করেন তিনি।

এর আগে বেশ কয়েক বার বর্ণবাদের শিকার হওয়ার বিষয়ে অভিযোগ করেছেন ভিনিসিয়ুস। ভিনিসিয়ুসের উদ্দেশে মন্তব্য করার সময় প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে কথা বলছিলেন, এই বিষয়টিই নতুন করে আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইউয়েফা। দ্বিতীয় লেগে প্রেস্তিয়ান্নিকে সাময়িক বরখাস্ত করা হয়।

আর অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফিফা সভাপতি বলেন, ‘কোনো খেলোয়াড় যদি মুখ ঢেকে কিছু বলে এবং তার বর্ণবাদী প্রভাব থাকে, তাহলে তাকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ধরে নিতে হবে, সে এমন কিছু বলেছে যা বলা উচিত ছিল না। তা না হলে মুখ ঢাকার প্রয়োজন হতো না।’

তিনি আরও জানান, ভবিষ্যতে কেবল প্রমাণের অপেক্ষায় বসে না থেকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের আগে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে ফিফা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বৈঠকেও আলোচনা হয়েছে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান নির্বাহী ও আইএফএবি সদস্য মার্ক বুলিংহাম বলেন, মাঠে মুখ ঢেকে কথা বলার প্রয়োজনীয়তা খুব কম ক্ষেত্রেই থাকে, বিশেষ করে উত্তপ্ত পরিস্থিতিতে। তাই এটি রোধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগামী মাসে ভ্যাঙ্কুভারে হবে ফিফা কংগ্রেস। সেখানেই এই বিষয়ক গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights