মাদক মামলার বিচারে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য সংক্রান্ত মামলার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে দেশে ১০ জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্রও নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন অধিক্ষেত্র অনুযায়ী বিচারাধীন মামলাগুলো ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৪৪ অনুযায়ী ট্রাইব্যুনালগুলো গঠন ও তাদের বিচারিক এলাকা নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা ও ঢাকা মহানগরের জন্য পাঁচটি ট্রাইব্যুনাল রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার জন্য একটি এবং মহানগরের বিভিন্ন থানাকে ভাগ করে চারটি পৃথক ট্রাইব্যুনালের অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রামে চারটি, কক্সবাজারে তিনটি, কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব হুমায়ূন আহমেদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলো নতুনভাবে নির্ধারিত ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে। কোনো মামলা যে ট্রাইব্যুনালের অধিক্ষেত্রভুক্ত হবে, সেই ট্রাইব্যুনালেই মামলার বিচারকার্য পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights