মাদারীপুরে আড়াই কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া লক্ষীগঞ্জ-রাস্তি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মাদারীপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
জানা যায়, লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট থেকে আড়িয়ালখা নদী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে পড়ে ছিল। ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী কৃষিকাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খালটি প্রায় শুকিয়ে মরা খালে পরিণত হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুকনো মৌসুমে সেচ সংকট দেখা দিত।
খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি এলাকার পরিবেশ রক্ষা এবং স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহান্দার আলী মিয়া বলেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া বা দখল হয়ে থাকা খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এতে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকরা তাদের জমিতে সহজে সেচ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখননসহ পানি ব্যবস্থাপনা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিবা শাবাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
