মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ রবিবার বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশ অংশগ্রহণ করে।

খেলার প্রথমার্ধে খেলা গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরুতেই রাজবাড়ী ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা নিয়ে আসে। পরে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা গোল করে ২-১ এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ মুহূর্তে রাজবাড়ী একাদশ গোল করলে খেলা ২-২ গোলে ড্র হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ প্রমুখ। টুর্নামেন্টে রাজবাড়ী একাদশের ইকবাল ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন।

আগামী ১২ তারিখ রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট থেকে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২টি হোম ম্যাচ ও ৩২টি অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২টি দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল থেকে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল দুটি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights