মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সাড়ে তিনটার দিকে পাঁচ্চর এলাকার মোল্লার বাজারের স্থানে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এখনো আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে আসা বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকার মোল্লার বাজার স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধারসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, ঈদের কারণে সড়কে বাস চলাচল অনেক বেশি রয়েছে। ভাঙ্গাগামী লেনে বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ করেই কাত হয়ে উল্টে খাদে পড়ে যায়। মুহূর্তেই ঘটনাটি ঘটে। তবে যাত্রী কম ছিল বাসে। ১০ জনের মতো আহত হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে একই সময় দুর্ঘটনাকবলিত গাড়িটির পেছনে থাকা একটি বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কা এবং অপর পাশের লেনে একটি প্রাইভেটকারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সেখানেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights