মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম, মামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের দরগা খোলা এলাকায় কামাল হোসেন ও নয়ন নামে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় রবিবার রাতে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী যুবক নয়ন।

আহত দুজন মাদারীপুর শহরের দরগা খোলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে থেকেই শহরের দরগাখোলা এলাকার বিদ্যুৎ বকাউলের সাথে এলাকার শাওন মাতব্বর নামে এক যুবকের দ্বন্দ্ব চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে বিদ্যুৎকে হামলা করতে আসে শাওন ও তিতু মুন্সির লোকজন। এ সময় বাধা দেয় কামাল সর্দার। পরে কামাল ও নয়ন নামে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করে শাওন ও তিতু গ্রুপের লোকজন। স্থানীরা উদ্ধার করে আহত কামাল ও নয়নকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে আহত কামাল সর্দার বলেন, পূর্ব শত্রুতার জেরে তিতু মুন্সির লোকজন আমাদের কুপিয়ে জখম করে। তিতু মুন্সী দীর্ঘদিন যাবত কিশোর গ্যাং-এর সদস্যদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। কিশোর গ্যাং লিডার তিতুর লোকজন বিভিন্ন সময় মানুষের ওপর হামলা করেছে। পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। যার কারণে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তিতু ও তার লোকজন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তবে এ ব্যাপারে অভিযুক্ত তিতু মুন্সির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights