মাদারীপুরে পৌর মহাশ্মশান ঘাটে আধুনিকায়নের কাজ শুরু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের দরগাখোলা রোডে অবস্থিত পৌর মহাশ্মশান ঘাট কালী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সম্প্রীতি, ঐক্য ও সাম্প্রদায়িক সহাবস্থান অটুট রাখতে সব ধর্মের মানুষের সম্মিলিতভাবে কাজ করা জরুরি। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত দেশ গঠনের লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক চুল্লি ও সেড নির্মাণের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের প্রক্রিয়া আরও আধুনিক, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল হবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা সহজ হবে। এটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights