মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায় বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসত ঘর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করে আসছে। এই বালু উত্তোলন চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু হাওলাদার এবং হাকিম বেপারী। বালু উত্তোলনের অর্থের ভাগবাটোয়ারা নিয়ে দুজনের দ্বন্দ্ব চলছিল।

এর জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকাছাড়া। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। অপর অভিযুক্ত হাকিম বেপারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights