মাদারীপুরে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সকালে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার উন্নতি হওয়ায় ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা মস্তাফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১০টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এলাকায় ও ভোটারদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। এছাড়া ঘটমাঝির ছয়না এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিফ খান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান নির্বাচন করছেন। এই নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে দশটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর থানার ওসি এসইচএম সালাউদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।
