মাদারীপুরে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
যুব সমাজকে নেশার ছোবল থেকে দূরে রাখতে, মানুষের মাঝে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরের পেয়ারপুরের কুমার নদীতে গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে শনিবার বিকেলে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থানকারীদের ২১ সিএফটি ও দ্বিতীয় স্থানকারীদের ১৮ সিএফটি একটি করে ফ্রিজ ও তৃতীয় স্থানকারীকে একটি কালার টেলিভিশন উপহার দেয়া হয়।

এছাড়াও সকল নৌকা বাইচ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেয়া হয়। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের এই নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধারা রাস্তাার পাশে দাঁড়িয়ে, নদীর পাড়ে পানির মধ্যে দাঁড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইচ উপভোগ করেন। এই নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে বাহারী রকমের দোকান বসে। গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ সম্পন্ন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান লাভলু তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights