মাদারীপুরে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু, পালালেন চিকিৎসক

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় রেনু বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন রোগীর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়েছে অভিযুক্ত চিকিৎসক।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের পানিছত্র এলাকার মৃত মালেক মোল্লার স্ত্রী রেনু বেগম হার্নিয়ার সমস্যা নিয়ে ইটেরপুলের স্বাধীন জেনারেল হাসপাতালে ভর্তি হন।

পরদিন শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে অস্ত্রোপচার করেন ডা. আল আমিন মোহাম্মদ নওশান। চার ঘণ্টা অস্ত্রোপচার শেষে বিছানায় দেয়ার পরই প্রচণ্ড ব্যথা শুরু হয় রোগীর। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে রোগীর কোনো সমস্যা হবে না বলে জানায় তারা। এরপর শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মারা যান রেনু বেগম।

তবে রোগী জীবিত আছে এই মর্মে তড়িঘড়ি করে ঢাকায় নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্বজনরা। ভুল চিকিৎসায় রেনু বেগমের মৃত্যু হয়েছে উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি জানান তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুল চিকিৎসায় নয়, অস্বাভাবিক শ্বাসকষ্ট থাকায় রোগীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই হাসপাতাল ছেড়ে পালিয়েছে অভিযুক্ত চিকিৎসক।

মৃত রেনু বেগমের মেয়ে ঝুমুর আক্তার বলেন, ‘আমার মাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। অপারেশনের পর কয়েকবার বলেছি, আমার মায়ের ব্যথা হচ্ছে, কিন্তু তারা কোনও কর্ণপাতই করেনি। আমার মা মারা যাবার পর হাসপাতাল থেকে ডাক্তার পালিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই।’

স্বাধীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল বেপারী বলেন, ‘আমাদের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। রোগীর শ্বাসকষ্ট ছিল, এটা আমাদের কাছে গোপন রেখেছিল। যে চিকিৎসক এই অপারেশন করিয়েছেন তারও কোনো ভুল ছিল না। এছাড়া তাদেরকে অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যেতে বলা হয়েছে, কিন্তু রোগীর পরিবার যায়নি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রাইভেট হাসপাতালে এক রোগী মারা গেছে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত চিকিৎসকের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights