মাদারীপুরে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী (৩৩) নামে এক চালক নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন ঘরামী ভ্যান নিয়ে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যান। এতে তিনি সেখানেই মারা যান। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার বলেন, আমাদের বাড়ির পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই। এ সময় ভ্যান চালককে খাদে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তোলেন, ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান বলেন, স্বপন ঘরামী নামে এক চালক ভ্যান উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights