মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

মাদারীপুর প্রতিনিধি:

শ্রদ্ধা, ভালোবাসা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের শকুনীপাড়া এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এ সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী, জেলা প্রশাসক মর্জিনা আক্তার এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা এবং আত্মত্যাগের মূল্যবোধ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights