মাদারীপুরে হত্যাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক মামলাসহ ১৫টি মামলার এজাহারভুক্ত আসামি আকাশ ফকির ও তার সহযোগী অন্তর কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে। আকাশ মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মাছ বিক্রেতা পল্টু ফকিরের ছেলে এবং অন্তর একই গ্রামের চা বিক্রেতা নূর মোহাম্মদ কবিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকেই আকাশ ও অন্তর মাদারীপুরের পুরানবাজার, পাঁচখোলা, রাস্তিসহ শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা করে আসছিলেন। এইসব ঘটনায় ক্ষুব্ধ ছিল স্থানীয়রা। রবি ও সোমবার রাতে রাস্তি এলাকায় ছিনতাই করে এই চক্র। সোমবার রাতে রাস্তি গ্রামের লালু মালের খেয়াঘাট এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে থানায় ফোন দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আকাশ ও অন্তর দীর্ঘ দিন থেকে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করে। কিছু বলতে গেলে মানুষকে কুপিয়ে জখম করে। অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক নারীকে ধর্ষণ করেছে তারা। কেউ কিছু বলার সাহস পায় না। আমরা এদের বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি আল-মামুন বলেন, আকাশের বিরুদ্ধে মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তার সহযোগী অন্তরের বিরুদ্ধেও ৫টি মামলা রয়েছে। এদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights