মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।
দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ওষুধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬টি প্যাকেজের দরপত্র আহবান করে। মাদারীপুর সদর হাসপাতালের এই কাজে অনিয়ম হয়েছে বলে একটি অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। তিনি আরও জানান, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হবে।
