মাদুরো অভিযানে বাজিতে জেতে গ্রেফতার মার্কিন স্পেশাল ফোর্সের সেনাসদস্য
আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অংশ নেওয়া মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার মুনাফা করার অভিযোগে তার বিরুদ্ধে জালিয়াতি ও সরকারি গোপনীয়তা ভঙ্গের মামলা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উন্মোচিত একটি অভিযোগপত্র থেকে জানা যায়, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক গত ডিসেম্বরের শেষে পলিমার্কেট নামক একটি প্রেডিকশন মার্কেটে অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি ৩২ হাজার ডলার বাজি ধরেন যে জানুয়ারি মাসের মধ্যেই মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। সেই সময়ে এই বাজিতে জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছিল।
প্রসিকিউটরদের অভিযোগ, ভ্যান ডাইক সরাসরি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সাধারণ মানুষের কাছে অজানা অনেক শ্রেণিবদ্ধ তথ্য তার নখদর্পণে ছিল। সেই গোপন তথ্য কাজে লাগিয়েই তিনি এই বাজি ধরেন। ফোর্ট ব্র্যাগে কর্মরত এই সেনাসদস্যের বিরুদ্ধে সরকারি তথ্য চুরি, অপব্যবহার এবং জালিয়াতির পাঁচটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে দেখা গেছে, গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তিনি মোট ১৩ বার বাজি ধরেছিলেন। শেষ বাজিটি ধরা হয়েছিল মাদুরোকে আটকের কয়েক ঘণ্টা আগে। উপার্জিত অর্থ গোপন করতে তিনি প্রথমে একটি বিদেশি ক্রিপ্টোকারেন্সি ভল্টে ৪ লাখ ডলার স্থানান্তর করেন এবং পরবর্তীতে তা একটি অনলাইন ব্রোকারেজ অ্যাকাউন্টে জমা করেন।
মাস্টার সার্জেন্ট পদমর্যাদার একজন সেনাসদস্যকে ব্যাটালিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কৌশলগত নেতা ও আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। তার এই কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ইউএস অ্যাটর্নি জে ক্লেটন। তিনি বলেন, যাদের ওপর দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ন্যস্ত, তারা ব্যক্তিগত লাভের জন্য সেই গোপন তথ্য ব্যবহার করতে পারেন না। আদালতের নথিতে একটি ছবির কথা উল্লেখ করা হয়েছে যেখানে ভ্যান ডাইককে একটি জাহাজের ডেকে মার্কিন সামরিক পোশাকে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা সম্ভবত অভিযানের ঠিক আগের বা পরের মুহূর্তের দৃশ্য।
এদিকে পলিমার্কেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সরকারি গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরার বিষয়টি শনাক্ত করার পর নিজেরাই বিচার বিভাগকে অবহিত করেছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।
গত বছর মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে একটি গোপন অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এই ঘটনাটি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ভূ-রাজনৈতিক ঘটনায় বাজি ধরার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভ্যান ডাইকের এই কর্মকাণ্ডকে তিনি কিংবদন্তি বেসবল খেলোয়াড় পিট রোজের নিজের দলের বিরুদ্ধেই বাজি ধরার ঘটনার সঙ্গে তুলনা করেছেন।
ট্রাম্প বলেন, পুরো পৃথিবীটাই যেন এখন ক্যাসিনোতে পরিণত হয়েছে এবং তিনি এই পরিস্থিতির ওপর মোটেও সন্তুষ্ট নন। বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রেডিকশন মার্কেট নিয়ন্ত্রণে একাধিক বিল আনা হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তাদের ইনসাইডার ট্রেডিংয়ের ওপর কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে।
সূত্র: সিএনএন
