মাদ্রিদে ফেরার গুঞ্জনে নিশ্চুপ মরিনহো

অনলাইন ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। জাবি আলোনসোর পর আলভারো আরবেলোয়াকে দলের ব্যর্থতার মাশুল দিতে হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে রিয়াল তাদের ডাগআউটে হোসে মরিনহোকে আনতে চাইছে।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের প্রার্থীর তালিকায় প্রথম সারির দিকে আছেন মরিনহো। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের প্রধান কোচের দায়িত্বে থাকা মরিনহো বর্তমানে বেনফিকার দায়িত্ব সামলাচ্ছেন। স্বদেশী ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত।

রিয়ালকে ২০১১-১২ লা লিগা ট্রফি জেতানো মরিনহো বার্নাব্যুতে প্রত্যাবর্তনের জল্পনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যম জানতে চায়, পেরেজের সঙ্গে তার কথা হয়েছে কিনা। ৬৩ বছর বয়সী মরিনহো এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন। গুঞ্জনে ইতি টানার কোনো প্রয়োজনবোধ করেননি তিনি।

সম্প্রতি মরিনহো বেনফিকায় থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, যখন মৌসুম শেষ হবে, তখনো ১০ দিন হাতে থাকবে যে চালিয়ে যাব নাকি চলে যাব।

বেনফিকা মিডফিল্ডার রিকার্ড রায়োস আশাবাদী, মরিনহো থাকবেন। কলম্বিয়ান আন্তর্জাতিক ফুটবলার দিয়ারিও এএস-কে বলেন, সত্যি বলতে আমি জানি না। আমি যতটুকু জানি, আশা করি তিনি আমার সঙ্গে থাকবেন।

২০১৩ সালে বার্নাব্যু ছাড়ার আগে তিন বছরে মরিনহো লিগের পাশাপাশি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। ২১ বছর দেশের বাইরে কোচিং করার পর সেপ্টেম্বরে বেনফিকাতে ফেরেন তিনি। লিগের তিন ম্যাচ হাতে রেখে এখন পর্যন্ত পর্তুগালের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দল তারা। শীর্ষ দল এফসি পোর্তোর চেয়ে সাত পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে মরিনহোর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights