মানবিক সমাজের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমাজ ও মানবকল্যাণে যারা নিবেদিতভাবে কাজ করছেন, তাদের যথাযথ সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য সমাজ রেখে যাওয়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

শনিবার কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সমাজ আমরা পূর্বসূরিদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছি। তাঁদের সৃষ্ট ইতিবাচক কর্ম ও অবদানের কারণেই আজ আমরা একটি উন্নত ও পরিচ্ছন্ন সমাজে বসবাসের সুযোগ পাচ্ছি। সমাজে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে সমাজের কল্যাণে কাজ করা ব্যক্তিদের মূল্যায়ন করা প্রয়োজন।

প্রধান অতিথি ছড়াকার জহিরুল হক দুলাল, মানবসেবায় ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জামিল আহমেদ খন্দকার, সামাজিক উন্নয়নে ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বদরুল হুদা জেনুকে সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, সুজন কুমিল্লার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights