মানিকগঞ্জে তিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও মানহীন সেবার অভিযোগে মানিকগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা সাময়িক বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবাসহ অনিয়মের অভিযোগে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেসরকারি হাসপাতাল আল-রাফী, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
আইভী ফেরদৌস জানান, মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলে, তারা আবার হাসপাতাল ও ডায়াগনস্টিকের কার্যক্রম চালাতে পারবে। সঠিক মানদণ্ড পূরণ না হওয়া পর্যন্ত কেউ কোনো ধরনের স্বাস্থ্যসেবা দিতে পারবে না। রোগীদের শতভাগ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
