মানিকগঞ্জে পাচারের সময় ৫০০ বস্তা সার জব্দ, আটক ২
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে পাচারের সময় ৫০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে শিবালয় থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে ট্রাকটি আটক করা হয়।
আটক ট্রাক চালকের নাম মো. বাবুল হোসেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা এলাকায়। আর হেলপার মো. আসলামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার এক ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। ৫০০ বস্তা টিএসপি সারের আনুমানিক মূল্য সাত লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। তাদের কাছে কোনো চালান, ভ্যাট ট্যক্সের কাগজপত্র পাওয়া যায়নি। চালক এবং হেলপারকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
