মানিকগঞ্জে শিশু হত্যা: অভিযুক্ত কিশোরের বাবা-চাচা গণপিটুনিতে নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলায় সাত বছরের শিশু আতিকা আক্তারকে হত্যার অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের জেরে গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধদের গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের বাবা ও চাচা নিহত হয়েছেন।

শিশুকে হত্যার ঘটনায় শনিবার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে অভিযুক্ত কিশোরের বাবা-চাচাকে হত্যার ঘটনায় দুপুর দুইটা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সদর উপজেলার বনপারিল গ্রামের অভিযুক্ত কিশোর, কিশোরের বাবা নিহত পান্নু মিয়া (৪৫), চাচা নিহত ফজলু মিয়া (৩০) ও ভাই আহত নাজমুল হোসেন (২৪) এবং একই গ্রামের মো. রনি (২২)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল চারটার পর থেকে বনপারিল গ্রামের সৌদিপ্রবাসী দুদল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে অভিযুক্ত কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আতিকার স্বজনেরা। রাত ১০টার দিকে ওই কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ভুট্টাখেতে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় আতিকার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত শিশুর মরদেহ বাড়ি নিয়ে যান স্বজন ও স্থানীয়রা। এরই মধ্যে কিশোর পালিয়ে যায়। তবে কিশোরের বড়ভাই নাজমুলকে আটক করা হয়। পরে কিশোরের বাবা পান্নু, চাচা ফজলুকেও নিহত শিশুর বাড়িতে ডেকে আনা হয়। রাত ১১টার দিকে নিহত শিশুর বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের গণপিটুনিতে পান্নু ও ফজলু ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আহত নাজমুলকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিহত শিশু আতিকা এবং পান্নু ও ফজলুর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য নাজমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নিহত শিশু আতিকা এবং পান্নু ও ফজলুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় শিশু আতিকার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে এশার নামাজের পর জানাজা শেষে বনপারিল কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে। শনিবার দুপুরে স্বজনদের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নবাবগঞ্জ এলাকা থেকে আসামি কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিশোর আদালতে তোলা হবে। অন্য আসামি রনিকে গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights