মামদানির আপত্তি সত্ত্বেও জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির কড়া অবস্থান তার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
গতকাল রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই কূটনীতিক সম্মেলনে যোগ দিতে তার কোনো বাধা বা উদ্বেগ নেই। তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা সম্পর্কিত বড় কোনো সমস্যা না থাকলে তিনি প্রায় প্রতি বছরই এ সম্মেলনে অংশ নিয়েছেন। এবারও সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে জোহরান মামদানি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেন, নিউইয়র্ক শহরে তাকে স্বাগত জানানো হবে না। একই সঙ্গে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা কার্যকর করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সফরকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেফতার করা হবে না। তাকে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।
উল্লেখ্য, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
সূত্র: মিডল ইস্ট মনিটর, ব্লুমবার্গ
