মামদানির শপথগ্রহণ কেন পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে?
অনলাইন ডেস্ক
সোনালী যুগে নির্মিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মধ্যরাতে শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
২০২৬ সালের ক্ষণগণনার জন্য হাজার হাজার নিউ ইয়র্কবাসী যখন টাইমস স্কয়ারে থাকবেন, ঠিক সে সময়ে সিটি হলের নিচে ওই স্টেশনে ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি।
মামদানির মতে, অনুষ্ঠানের জন্য অস্বাভাবিক এই স্থান নির্বাচন প্রতীকীভাবে ‘নতুন যুগের সূচনার প্রতীক’। তিনি বলেন, এটি হবে সুন্দর শহর গড়ে তোলার ও সাধারণ মানুষের জীবন পরিবর্তনের প্রতীকী স্মারক।
বিবৃতিতে মামদানি আরও বলেন, ‘আমি গর্বিত যে, নিউইয়র্কবাসীর জন্য নতুন যুগের পথপ্রদর্শক হতে পারছি, আমাদের শহরের মহান ঐতিহ্য বহন করার সুযোগ পেয়েছি।’
তবে, সাধারণ জনসমাগম ও প্রথাগত শপথের জন্য পরবর্তী দিন সিটি হলেও একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।
পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মামদানির শপথ পড়াবেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। পরবর্তী দিন সিটি হলে আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে শপথ পড়াবেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ।
জেমস বলেন, ‘শপথের জন্য সাবওয়ে স্টেশনটি উপযুক্ত স্থান। কারণ, এটি নিউইয়র্কবাসীর জন্য একটি সমতার প্রতীক। আমরা যে যেমনই শক্তিশালী ও দুর্বল হই না কেন, আমরা সবাই একত্রে ট্রেনে যাতায়াত করি, দূর-দূরান্তে পৌঁছাই।’
নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনটি ঐতিহাসিক ও স্থাপত্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ১৯০৪ সালে চালু হওয়া স্টেশনটি ছিল শহরের ২৮টি মূল স্টেশনের মধ্যে অন্যতম। শহরের সাবওয়ে ব্যবস্থা আধুনিকীকরণের পর এটির ব্যবহার ১৯৪৫ সালে বন্ধ হয়ে যায়। ১৯৭৯ সালে স্টেশনটি নিউইয়র্ক সিটির ল্যান্ডমার্ক হিসেবে ঘোষণা করা হয়। আর ন্যাশনাল রেজিস্টার অব হিস্টোরিক প্লেসে অন্তর্ভুক্ত করা হয় ২০০৪ সালে।
সূত্র: দ্য গার্ডিয়ান
