মামলা নিতে অনীহার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্বাচলে গাড়িচাপায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা নিতে অসহযোগিতার অভিযোগ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা বলেন, আসামি পক্ষের আইনজীবীর বিভ্রান্তিকর মন্তব্য ও গণমাধ্যমে ‘হত্যাকান্ড’কে দুর্ঘটনা বলে প্রচার করে মামলার মোড় ঘোরানোর চেষ্টা চলছে। গতকাল বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি সরকারের কাছে ৫ দফা দাবিও জানান তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- এই হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিবাদীপক্ষকে বহন করতে হবে, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, তদন্ত কার্যক্রমে কেউ বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতে সরকারের সক্রিয় ভূমিকা পালন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০ ডিসেম্বর রাত ৩টার পর পূর্বাচল নীলা মার্কেটের সামনে ৩০০ ফিট রাস্তায় আমাদের তিন বন্ধু, বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ (নজরুল হল), অমিত সাহা (আহসানুল্লাহ হল) এবং মেহেদি হাসান খানের (নজরুল হল) একটি দুর্ঘটনার খবর জানতে পারি। আমাদের তিন বন্ধু গুরুতর আহত এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীরা ফায়ার ব্রিগেডের সাহায্যে তিনজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শিক্ষার্থীরা বলেন, ঘটনার পরে পুলিশ প্রাইভেটকারের চালকসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরবর্তী সময়ে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরাও তাদের সঙ্গে থানায় পৌঁছায়। থানায় ঘটনার বিবরণ জানার পরে কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। বুয়েট শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অভিযুক্তদের পরিবার মামলার ঘটনা প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করেছেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুন এবং চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনাপ্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করেন।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের মামলা থেকে দূরে থাকতে ক্ষতিপূরণ প্রদানের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights