মায়ের অসুস্থতায় ছুটি না পেয়ে চাকরি ছাড়লেন ব্যাংককর্মী
অনলাইন ডেস্ক
বাড়িতে মা অসুস্থ। বাধ্য হয়ে অফিসে ছুটির আবেদন করেছিলেন এক নারী কর্মী। কিন্তু অফিস তার ছুটি মঞ্জুর না করায় চাকরিই ছাড়লেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের একটি বেসরকারি ব্যাংকে।
ওই কর্মীর অভিযোগ, ছুটি চাওয়ায় ম্যানেজার তাকে বলেন তার মা যদি অসুস্থ হয়, তাহলে তাকে কোনো মেডিকেল বা শেল্টার হোমে রেখে সে যেন অফিসে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে করা একটি পোস্টে তিনি এ কথা লেখেন।
ম্যানেজারের এই মন্তব্য ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, একই সঙ্গে করপোরেটের কঠিন কর্মপরিবেশ ও ব্যক্তিগত জীবনের ‘ওয়ার্ক লাইফ ব্যালান্স’ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
পোস্টে তিনি আরও বলেন, ভুল ওষুধের কারণে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি কয়েক দিনের ছুটি চেয়েছিলেন। তবে বসের কথা অমান্য করে অফিসে না গিয়ে তিনি তার মায়ের পাশে থাকেন। কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করলেও ছুটি না দেওয়ায় তাকে পদত্যাগের পথ বেছে নিতে হয় বলেও জানান ওই কর্মী।
পোস্টে তিনি আরও বলেন, এমন কর্মক্ষেত্রে ‘সঠিক’ প্রতিক্রিয়া আসলে কী হওয়া উচিত, সেটাই বুঝতে পারছি না। সেজন্যই আমি এখানে পোস্ট করছি। সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের কাছে তিনি একটি প্রশ্ন রাখেন, আপনি হলে ঠিক কী করতেন?
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে দ্রুতই ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী লেখেন, এই প্রস্তাবটি লিখিতভাবে চাইলে দেখতেন, কীভাবে তার সুর বদলে যায়। আরেকজন মন্তব্য করেন, এটা শুধু অসংবেদনশীল নয়, বরং নিষ্ঠুরও। তার ভেতর দিয়ে কী কষ্ট গেছে, আমি তা বুঝতে পারছি। এ ধরনের অমানবিক শোষণের বিরুদ্ধে আইনি সুরক্ষা থাকা উচিত। অন্য আরেকজন লেখেন, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। কিন্তু তাকে কেন পদত্যাগ করতে হলো? বরং কোম্পানি ছাঁটাই করা পর্যন্ত তার অপেক্ষা করা উচিত ছিল।
এরকম নানা পরামর্শ উঠে এসেছে মন্তব্যের ঘরে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
