মার্কিন রণতরিতে চরম বিশৃঙ্খলা, রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল ৭ সেনার
ইরানবিরোধী দীর্ঘমেয়াদি অভিযানে টানা সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ সেনাসদস্যদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনের পর দিন সাগরে মোতায়েন থাকা নিয়ে নাবিকদের তীব্র মানসিক চাপ ও ক্ষোভের জেরে জাহাজের ভেতরেই সংঘর্ষ জড়িয়ে পড়েন কর্মীরা।
ধারালো অস্ত্র ও ছুরিকাঘাতে শেষ হওয়া এই সংঘর্ষে অন্তত সাতজন মার্কিন নৌসেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক ঊর্ধ্বতন কর্মকর্তার সফরকালে সেনাসদস্যদের একাংশের অসন্তোষ প্রকাশ পাওয়ার পর এই নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এক সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, দীর্ঘদিনের দীর্ঘায়িত মোতায়েন নিয়ে মার্কিন নৌসেনাদের পরিবারের তরফ থেকে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে নাবিকদের ক্ষোভ প্রশমন করতে সেন্টকমের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা পারমাণবিক শক্তিচালিত এই রণতরিতে যান। তবে ব্রিফিং চলাকালে বিক্ষুব্ধ কর্মীরা ওই উপদেষ্টাকে উদ্দেশ্য করে ভুয়া ধ্বনি দেন ও ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ক্ষুব্ধ নাবিকরা তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্রু সদস্যদের নিজেদের মধ্যেই হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এই সংঘাত সহিংস রূপ নেয় এবং নাবিকরা একে অপরের ওপর ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজন নৌসেনা প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এই ঘটনার পর বর্তমানে বিমানবাহী ওই রণতরিটির ভেতরে অত্যন্ত থমথমে, উত্তপ্ত ও অনিশ্চিত পরিবেশ বিরাজ করছে বলে সামরিক সূত্রে জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ দীর্ঘ ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। আধুনিক যুগে কোনো মার্কিন রণতরির এটাই সবচেয়ে দীর্ঘতম নিরবচ্ছিন্ন মোতায়েন, যার মধ্যে গত জুলাই মাসে ওমানে একটি স্বল্পমেয়াদি বিরতি ছাড়া টানা ২০৮ দিন এটি সম্পূর্ণ সাগরেই অবস্থান করছে। মূলত ইরানের ওপর একটি অবৈধ নৌ-অবরোধ কার্যকর করার সামরিক মিশন পালনেই দীর্ঘ সময় ধরে এই রণতরিটিকে সেখানে নিয়োজিত রাখা হয়েছে, যা এখন সেনাসদস্যদের ভেতরে চরম মানসিক বিপর্যয় ও সহিংসতার জন্ম দিচ্ছে।
সূত্র: মেহের নিউজ
