মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) দ্বিতীয় দিনে গড়িয়েছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

দেশটির প্রধান দুই দল একে অন্যকে দায়ী করলেও সমাধানের কোনো ইঙ্গিত নেই। মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে।

হোয়াইট হাউস জানিয়েছে, হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে ‘অপরিহার্য’ হিসেবে ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে।

সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি কর্মসূচি নিয়ে—যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয়। এ কর্মসূচি প্রায় ৭০ লাখ মানুষকে সেবা দেয়। অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর অর্থ ফুরিয়ে যেতে পারে।

মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত ১৫০ মিলিয়ন ডলার জরুরি তহবিল রাজ্যগুলোকে দেওয়া হতে পারে। পাশাপাশি শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করা যাবে।

২০২৫ অর্থবছরে (যা ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে) ডব্লিউআইসি পেয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে সেনেট প্রস্তাব করছে ৮.২ বিলিয়ন ডলার।

এদিকে, শরৎকালীন ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রের বহু বিখ্যাত জাতীয় উদ্যান সরকারি অচলাবস্থার কারণে বন্ধ হয়ে গেছে।

অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, উদ্যানের সড়ক, ট্রেইল ও মুক্ত আকাশের স্মৃতিস্তম্ভগুলো খোলা থাকবে, তবে যেখানে সংবেদনশীল প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতির কারণে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন (এসপিসিএ) সতর্ক করেছে, প্রতিদিনের অচলাবস্থায় উদ্যানগুলোতে ফি বাবদ প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হতে পারে। আর আশপাশের কমিউনিটিগুলোতে ক্ষতি দাঁড়াতে পারে দৈনিক ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত।

এর আগে গত বুধবার শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা কাটিয়ে ওঠার প্রস্তাবের ওপর এক ভোটাভুটি ব্যর্থ হয়। এ বিষয়ে পরবর্তী প্রচেষ্টা আজ শুক্রবার চালানো হবে।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অধিবেশন এখন স্থগিত আছে। এতে বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় লাখো কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন (শত শত কোটি) ডলার ক্ষতি হতে পারে।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নজিরবিহীনভাবে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সঙ্গে উপস্থিত হন। তিনি বিরোধী ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক খেলা’ খেলার অভিযোগ তোলেন।

সূত্র : সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights