মার্কিন ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন

অনলাইন ডেস্ক

ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেওয়া হলো, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে বেইজিং। এ তালিকায় থাকলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না।

মন্ত্রণালয় বলেছে, ‘কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত হয়েছে, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।’

চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করা কোম্পানিগুলো হলো, মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।

পৃথকভাবে আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েয়ে। ফলে তারা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ‘দ্বৈত ব্যবহারের’ পণ্যের চীনা চালান গ্রহণ করতে পারবে না।

কোম্পানিগুলো হলো, সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস।

এই তিন কোম্পানি ‘চীনের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে বিপন্ন করছে’ বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সূত্র : এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights