মালয়শিয়ার মালাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী

মালয়েশিয়া প্রতিনিধি:

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া সরকারের সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসো (PERKESO)-এর সহযোগিতায় মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাকা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়ে “চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী ২০২৬”অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে মালাকা রাজ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সার্ভিস সেক্টরে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী, নিয়োগকর্তা, পেশাজীবী এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ড. শিভানান্দা রাজাহ সাতগুনাম। এছাড়া পারকেসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, অগ্রণী রেমিট্যান্স হাউজ, এনবিএল মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার হাউসের নির্বাহী কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। এরপর মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়ের সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসোর পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বীমা স্কীম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পারকেসোর প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি মালয়েশিয়ার সরকারের দেশি ও বিদেশি কর্মীদের জন্য সাম্প্রতিক সুরক্ষা বিমা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পূনর্বাসন ও পেনশন সুবিধা পাওয়ার লক্ষ্যে বাধ্যতামূলক বিমা স্কিমে বাংলাদেশি কর্মীদের নিবন্ধন নিশ্চিত করার জন্য মালয়েশিয়ান নিয়োগকর্তাদের অনুরোধ জানান। তিনি প্রবাসী কর্মীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে এবং বিভিন্ন সঞ্চয় ও সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম), পারকেসোর প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি, সিবিএল রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা, মালয়েশিয়ান নিয়োগকর্তা ও বাংলাদেশি কর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ, শ্রম অধিকার সংরক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মালয়েশিয়ার আইন মেনে চলা, সরকারের সামাজিক সুরক্ষা বিমা স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীলভাবে কাজ করা এবং বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে কর্মীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপস্থিত অতিথি ও বাংলাদেশি কর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights