মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ১২৩ অবৈধ বিদেশিকে আটক করেছে দেশটির জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ।

রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জোহর অভিবাসন বিভাগ।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জোহর অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কর্মকর্তারা সাঁড়াশি অভিযানে নামে। বিপুল সংখ্যক বিদেশি কর্মীকে বৈধ পাস ছাড়াই কারখানায় নিয়োগ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আটকদের মধ্যে বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ৭১ জন, ভারতের ৪ জন, নেপালের ২ জন ও পাকিস্তানের ১ জন নাগরিক রয়েছে।

জোহর অভিবাসন বিভাগ সূত্র জানায়, আটক বিদেশিদের বিরুদ্ধে অনুমতি ছাড়াই কাজ করা, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর বিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিবাসন অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এই অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই প্রতিষ্ঠানের স্থানীয় মানবসম্পদ ব্যবস্থাপককেও আটক করা হয়েছে।

অভিযান চলাকালে কারখানার ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কিছু কর্মী পালাতে এবং কারখানার ভেতরে লুকানো স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে। তবে এনফোর্সমেন্ট সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে পালানোর সব রাস্তা বন্ধ করে দেয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

জোহর রাজ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, অবৈধ বিদেশি কর্মীদের আড়াল করার যেকোনো কৌশল এনফোর্সমেন্টের রাডার থেকে রেহাই পাবে না।

আটক সব সন্দেহভাজনকে আরও তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

জোহর অভিবাসন বিভাগ জানায়, বিদেশি কর্মীদের অপব্যবহার রোধ এবং আইনের শাসন বজায় রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights