মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় কাজাং স্টপওভার সেন্টারে অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ১,০৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়, যাদের মধ্যে ৭৮৫ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ২৫০ জন স্থানীয় বাসিন্দা।
মালয়েশিয়ান ইমিগ্রেশনের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ৯০টি প্রাঙ্গণসহ ছয়টি ব্লকে অভিযান পরিচালনা করা হয়।

পরীক্ষাকালে যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৪২ জন পুরুষ এবং ৪৬ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক রয়েছেন।
জাফরি আরও জানান, এটি প্রথম অভিযান নয়—আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights