মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী হাত ধরে পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর ১৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার সকালে মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় জামায়াত ইসলামীর পক্ষে গণসংযোগ করেন। এসময় মাসুদ সাঈদীর আহবানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

মাসুদ সাঈদীর হাতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড , নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা, রাজারহাট এলাকার জয়দেব মিত্র।

গণসংযোগকালে মাসুদ সাঈদী বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে আগে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষন বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights