মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
অনলাইন ডেস্ক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক কাজী ফয়েজ মাহমুদসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ (৫২), মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২), ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা তালেবুর রহমান।
