মা-ছেলে হত্যা : একজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার দায়ে হাফিজুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সকল আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল, মো. বাচ্চু মিয়া, মো. দুলাল সরকার, মাসুদ উল্লাহ ওরফে রতন, রহমত উল্লাহ পান্না, মো. রফিকুল ইসলাম ও মো. বদিউজ্জামান।
মামলার নথি থেকে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাত ৯টার দিকে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ জুন নিহত আলতাব হোসেন মুকুলের স্ত্রী মোছা শামীম আরা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় হাফিজুলকে আটক করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিচারক এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবু বককার সিদ্দিক ও সহকারী পিপি অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট এস এম দেলোয়ার হোসেন মন্টু, অ্যাডভোকেট মো. আসিফ আজাদ (রাতুল) ও অ্যাডভোকেট সেরাজুল ইসলাম আকন্দ।
