মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ ভোক্তা অধিদফতরের

অনলাইন ডেস্ক

চালের বাজারে অস্থিরতার মধ্যেই কর্পোরেট খাতকে মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদফতর। ৩০ দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।

রবিবার কারওয়ানবাজারে মতিবিনিময় সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ধানের জাত নেই; অথচ মিনিকেট চালে সয়লাব বাজার। মূলত মোটা চাল ছাঁটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজারজাত করা হচ্ছে। ৮৫ টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা।

এ অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত করা প্রতারণার সামিল উল্লেখ করে তা সরবরাহ বন্ধে কয়েক দফায় উদ্যোগ নেয় সরকার। যদিও, কাজের কাজ কিছুই হয়নি। এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে আবারও নতুন সিদ্ধান্তের কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তার ডিজি বলেন, মিনিকেট বাজারজাত বন্ধ করতে হবে। ৩০ দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সিদ্ধান্ত মেনে ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দেয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রে কৃষক ও মিল পর্যায়ে ধানের জাতের সত্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights