মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১

অনলাইন প্রতিবেদক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১৪৫০ বস্তা সিমেন্টসহ দু’টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক দু’টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

অভিযানকালে আটককৃত বোট দু’টিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights