মিল্টনের অপকর্মের দায় তার স্ত্রী এড়াতে পারে না: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করলেও স্বামীর এসব অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিবিপ্রধান।

এর আগে রবিবার মিল্টনের স্ত্রী মিঠু হালদারকে ডেকে নেয় ডিবি। এ সময় মিল্টনের আশ্রমে টর্চার সেলে নিয়ে নির্যাতনের ছবি দেখিয়ে মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেসবের সঙ্গে স্ত্রী মিঠু হালদারের কোনো যোগসাজশ বা সম্পৃক্ততা পেয়েছেন কি-না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, দিনের পর দিন এভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে তথাকথিত সেবার নামে টাকা আত্মসাৎ করেছেন, রোগীকে দেখিয়ে টাকা আয় করেছেন, অথচ তাদের সেবাযত্ন করেননি, ডাক্তারের কাছে পাঠাননি। সেখানে তার স্ত্রী মিঠু হালদার যেতেন। তিনি নিজেও নার্স। তাহলে স্বামীর অনিয়ম অপকর্ম জেনেও থানা পুলিশ বা কাউকে অবগত করেননি, প্রতিবাদ করেননি। তাই স্ত্রী হিসেবে মিঠু হালদার দায় এড়াতে পারেন না।

তবে মিল্টনের স্ত্রী দাবি করেছেন, ফাউন্ডেশনের নামে যেসব টাকা-পয়সা এসেছে, একাউন্ট বা কোনো কিছুতে মিঠু হালদারের নাম নেই।

ডিবিপ্রধান বলেন, আমাদের তদন্ত চলছে, আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। মিল্টনের রিমান্ড শেষ হয়েছে, আবারও তাকে রিমান্ডে চাইব। আমরা সবকিছু তদন্তে নিয়ে আসব। এই আশ্রমের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights