মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা স্বাধীনতা সংগ্রাম : জিএম কাদের

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রাম। গৌরবোজ্জ্বল এদিনে দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’

‘বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি ৩০ লাখ বীর শহীদকে, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। সশ্রদ্ধ সালাম সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনবাজি রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য।’
তিনি বলেন, ‘পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আধুনিকায়নে যার অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন তিনি।’

বাণীতে তিনি আরও বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশিদের জীবনে এক অবিনশ্বর চেতনা। মহান স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন। বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রাম। প্রতিটি জাতির অধিকার আদায়ের সংগ্রামে একাত্তরের গৌরবোজ্জ্বল উত্তাল দিনগুলো আজীবন পথ দেখাবে।’

‘মহান স্বাধীনতা সংগ্রাম বিশ্ববাসীর সামনে সাহস আর বিজয়ের প্রতীক হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে। এই শুভক্ষণে আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবার সর্বাঙ্গীন মঙ্গল, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি’,- বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights