মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম শাহকে শোকজ
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের পেসার নাসিম শাহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর বিপদের মুখে পড়েছেন। পোস্টটি মুছে দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
পিসিবি জানিয়েছে, নাসিমের জবাব পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।
ঘটনার সূত্রপাত এই মাসের শুরুতে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে। নাসিম শাহ সামাজিক মাধ্যমে মারিয়াম নাওয়াজকে নিয়ে বিদ্রূপপূর্ণ মন্তব্য পোস্ট করেন, যেখানে তিনি লিখেছিলেন,‘তাকে কেন লর্ডসের রানীর মতো করে সম্মান দেওয়া হচ্ছে?’ কয়েক মিনিটের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয় এবং নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।
কিন্তু পিসিবি এই দাবিকে গ্রহণ করেনি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী, মিডিয়া নীতি এবং প্রবিধান লঙ্ঘন করেছেন। বিশেষত বোর্ডের আচরণবিধির ধারা ২.২৩ অনুসারে কোনো খেলোয়াড় বা কর্মকর্তাদের অনুপযুক্ত মন্তব্য বা প্রকাশ্য সমালোচনা অনুমোদিত নয়।
পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী মারিয়াম নাওয়াজ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি।
পিসিবি সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক বা বিতর্কিত মতপ্রকাশে কঠোর অবস্থান নেয়ার নজির রেখেছে। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ও সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খানের সমর্থনে একটি হ্যাটে ‘৮০৪’ নম্বর প্রদর্শনের জন্য অলরাউন্ডার আমির জামালকে জরিমানা করা হয়েছিল।
নাসিম এবারের পিএসএলে খেলবেন নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। তার প্রথম ম্যাচের জন্য মাঠে নামার কথা রয়েছে শনিবার।
