মুন্সিগঞ্জে পদ্মার ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামের ভাঙনকবলিত এলাকায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় নদী তীরবর্তী গ্রামটির প্রায় অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।

কর্মসূচিতে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, পদ্মার শাখা নদীতে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে।ইতোমধ্যে পদ্মার ভাঙনে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে এবার বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। এতে নদীর তীরবর্তী গ্রামটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে তীব্র ভাঙনের ঝুঁকি।

পদ্মার ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্তরা আরও বলেন, প্রতিবছরই আমরা ভাঙনের শিকার হই। বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। আমরা অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ চাই। তারা আরও বলেন, চৌসার গ্রামের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে স্থায়ী বাঁধ থাকলেও আমাদের গ্রামের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী কোনো বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights