মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (পাল বাড়ি) এলাকায় একটি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব। অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আ. মাবুদ, নৌপুলিশের সদস্যরা, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ কারেন্ট জাল উৎপাদন, মজুত ও ব্যবহার রোধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কঠোর অবস্থানে রয়েছে।
