মুন্সীগঞ্জে জোড়া খুনের আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের আসামি অহিদকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাঠানটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অহিদ বড় মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানী কমান্ডার লে. মো. নাঈম উল হক মামলার বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১০ নভেম্বর সকাল ৬টার দিকে আসামি অহিদসহ ১০০ থেকে ১২০ জন মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চরডুমুরিয়া গ্রামে আরিফ মীরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। আসামিরা বন্দুক দিয়ে আরিফ মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে আরিফ মীরের বুকের বাম পাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ফলে আরিফ মীর ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, আসামিরা তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খানের বাড়িতে যায়। রায়হান খানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের হাতে থাকা বন্দুক দিয়ে রায়হান খানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে। গুলি রায়হান খানের শরীরের বিভিন্ন স্থানে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রায়হান খাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন ১১ নভেম্বর দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights