মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া ও পোড়াচক বাউশিয়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর তদারকিতে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছিল। এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নি.) পলাশ কান্তি রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গজারিয়ার লস্করদী মধ্যপাড়ায় অভিযান চালান।

এ সময় আক্তার হোসেনের জায়গায় ভাড়াটিয়া মো. সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গা থেকে সাকিবুল হাসানকে (২৭) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতার সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে মো. মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মতিনের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার সাকিবুল হাসান গজারিয়ার লস্করদী মধ্যপাড়ার মো. মনির হোসেনের ছেলে। অপর আসামি মতিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, অভিযানে মোট ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights