মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় মহাকালীর সাবেক চেয়ারম্যান বিরাজ গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সজল নামের এক শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলায় মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম বিরাজকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। সে মহাকালী ইউনিয়নের প্রয়াত শাহ আলম এর ছেলে।
জানা গেছে, গেলো ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় সজল নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় তার নানী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। এই মামলায় মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম অন্যতম আসামি ছিলেন। সোমবার দুপুর দিকে ছাত্র-জনতা তাকে আটক করে থানায় নিয়ে আসলে ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সজল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিক জানিয়েছেন, স্থানীয় ছাত্রজনতার সহায়তায় সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, গেলো ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় মুন্সীগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত তিনটি হত্যা মামলা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সজিব দে জানান, জনগণের সহায়তায় রিয়াজুল ইসলাম বিরাজ চেয়ারম্যাকে গ্রেফতার করা হয়েছে।
