মৃত্যুর আগে বাস থামিয়ে ৬০ যাত্রীর প্রাণ বাঁচালেন চালক

অনলাইন ডেস্ক
বাস চালাতে চালাতে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন চালক, মৃত্যুও হয় তার। কিন্তু মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে বাস থামান। এতে প্রাণ বাঁচে ৬০ জন যাত্রীর। মঙ্গলবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোর জেলায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, মৃত ওই চালকের নাম শেখ আখতার। মঙ্গলবার সকালে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশে পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিল বাসটি। বালাসোর জেলায় পৌঁছানোর পর হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন আখতার এবং রাস্তার ধারে বাসটি নিয়ে তা থামিয়ে দেন। যাত্রী এবং বাসের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষণিকভাবে চালকের আসনে গিয়ে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।

গাড়ির যাত্রী অমিত দাস বলেন, হঠাৎ বাসটি থামার পর আমরা চালকের আসনের সামনে গিয়ে দেখি তিনি (আখতার) সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে সেখান থেকে স্থানীয় নীলগিরি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলেন তিনি।
এমন অনন্য সাধারণ দায়িত্বশীল আচরণের জন্য বাসের যাত্রী, পুলিশ এবং স্থানীয় লোকজন বাসচালক শেখ আখতারের ভূয়সী প্রশংসা করেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights