মেক্সিকোর জঙ্গলে মিলল হাজার বছরের পুরোনো অক্ষত ‘মায়া’ শহর

অনলাইন ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গভীর জঙ্গলে হাজার বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকা এক প্রাচীন মায়া শহরের সন্ধান পেয়েছেন গবেষকেরা। সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া এই শহরটির নাম দেওয়া হয়েছে ‘মিনানবে’। প্রাচীন মায়া ভাষায় যার অর্থ ‘কোনো রাস্তা নেই’।

দুর্গম বনের কারণে শহরটিতে পৌঁছানো কতটা কঠিন ছিল, তা বোঝাতে এই নাম দেওয়া হয়েছে। মেক্সিকোর কাম্পেচে রাজ্যের ‘কালাকমুল বায়োস্ফিয়ার রিজার্ভ’ নামক এক সংরক্ষিত বনের প্রত্যন্ত এলাকায় এটি অবস্থিত। মেক্সিকো ও স্লোভেনিয়ার বিজ্ঞানীদের একটি যৌথ দল এই আবিষ্কারটি করেছেন।

গবেষকেরা প্রথমে লাইডার প্রযুক্তির (লেজার রশ্মি) মাধ্যমে বনের নিচে প্রায় ১৫ হেক্টর এলাকাজুড়ে এই বসতির সন্ধান পান। এরপর তারা দা দিয়ে ঘন জঙ্গল কেটে, বিশেষ গাড়ি ব্যবহার করে এবং তীব্র গরমে পায়ে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছান। সেখানে ৪৩ ফুট উঁচু একটি পিরামিড মন্দির পাওয়া গেছে, যা দেখতে সাধারণ চার তলা বাড়ির সমান। এছাড়া ১৪টি খোদাই করা বেদি, পাথরের স্মারক স্তম্ভ, বড় চত্বর, রাজপ্রাসাদ, ধর্মীয় উপাসনালয় এবং উন্নত পানি নিষ্কাশন নালা পাওয়া গেছে। কোনো চুরির চিহ্ন না থাকায় স্থানটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

প্রত্নতাত্ত্বিকদের মতে, শহরটি মূলত মায়া সভ্যতার শেষ ক্লাসিক যুগে (৬০০-৯০০ খ্রিস্টাব্দ) বেশ সমৃদ্ধ ছিল। তখন এই অঞ্চলের নিম্নাভূমিতে লাখ লাখ মানুষ বসবাস করত এবং শহরটি কৃষি ও বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। এখানকার কিছু ক্ষতিগ্রস্ত স্মৃতিস্তম্ভ দেখে ধারণা করা হচ্ছে, শেষের দিকে শহরটি কোনো বহিরাগত আক্রমণ বা যুদ্ধের মুখোমুখি হয়েছিল। গবেষকদের বিশ্বাস, এই আবিষ্কার মায়া সভ্যতার মানুষের রাজনৈতিক পরিবর্তন এবং তাদের বিলুপ্তির কারণ সম্পর্কে নতুন অনেক অজানা তথ্য সামনে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights